জামুড়িয়ায় মদের দোকানে ৪ জনকে পিটিয়ে খুন
দি নিউজ লায়ন ; মদের দোকানে ৪ জনকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মৃতদের মধ্যে তিনজন ওই মদের দোকানের কর্মী ছিলেন। তাদের ঘুমন্ত অবস্থায় বাঁশ ও মুগুর দিয়ে পিটিয়ে মারা হয়। চিৎকার অন্য আরেকজন বাধা দিতে গেলে তাকেও মেরে ফেলা হয়। জামুড়িয়া থানার শিবপুর এলাকার ঘটনা।
মৃতদের নাম অম্বুজ মন্ডল (৪০ ) , প্রশান্ত সাহা (৫৬) , সুবোধ বাউরী (৬০ )। এরা তিনজনেই মদের দোকানের স্টাফ । অন্য মৃত ব্যক্তির নাম কালিয়া ভূঁইয়া (৬০) । কালিয়া ভূঁইয়া নিজের মেয়ের বাড়িতে বেড়াতে ছিলেন। ঘটনা দেখে তিনি বাধা দিতে এলে তাকেও পিটিয়ে খুন করে । অভিযুক্তের নাম সাধু মাজি। তিনিও ওই গ্রামেরই বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন গতকাল রাতে হঠাৎ খুব চিৎকার চেঁচামেচি শোনা যায়। এরপর বাসিন্দারা দেখে মদের দোকানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই চারজন। রক্তমাখা বাঁশ হাতে তান্ডব করছে সাধু মাজি। সাময়িক সে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তৎপরতার সঙ্গে পুলিশ তাকে ধরে ফেলে। জামুড়িয়া থানার পুলিশ চারজনের মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
অভিযুক্ত সাধু মাজির বিরুদ্ধে অতীতেও খুনের অভিযোগ উঠেছে। এছাড়াও পারিবারিক অশান্তি থেকে শুরু করে এলাকায় বিভিন্ন ঘটনায় জড়িয়ে যেত সে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সাধু মাজি মানসিক ভাবেও সঠিক অবস্থায় নেই। এলাকার লোকেরা তাকে কার্যত সিরিয়ল কিলার বলছে। পুলিশ সাধু মাজিকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

Post a Comment